নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে। বিষমুক্ত নিরাপদ ফল ও সবজি উৎপাদন ও বাজারজাতের কলাকৌশল এ প্রশিক্ষণে স্থান পায়। এতে পাবনা সদর উপজেলায় কর্মরত ২৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন।

প্রশিক্ষণটির উদ্বোধন করেন কৃষিবিদ ড. মো. শাহীনুল ইসলাম, প্রকল্প পরিচালক নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি প্রকল্প, ঢাকা; প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন মো. আ. কাদের, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা, কৃষিবিদ হাসান রশীদ হোসাইনী, উপজেলা কৃষি কর্মকর্তা, পাবনা সদর, শামীম আরা নিপা অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা, পাবনা সদর, কুন্তলা ঘোষ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, পাবনা সদর, নুসরাত কবীর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, পাবনা সদর, পাবনা।

প্রকল্পের উদ্দেশ্য নিয়ে ড. শাহীনুল ইসলাম বলেন, কৃষকদের সুষ্ঠু পরামর্শের মাধ্যমে মানবদেহের জন্য ক্ষতিকর বিষ ব্যবহার না করে বিষমুক্ত নিরাপদ ফল ও সবজি উৎপাদন, সংগ্রহ ও বাজারজাতের জন্য কৃষকদের সহায়তা প্রদান ও মানসম্পন্নভাবে বাছাইকরণের পদ্ধতি কৃষকদের অবহিতকরণ। এজন্য প্রকল্পটি থেকে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মধুপুর বাজারে নিরাপদ ফল ও সবজি বাজারজাতের জন্য আলাদাভাবে স্থায়ী বিক্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কেন্দ্র থেকে কৃষকরা তাদের উৎপাদিত নিরাপদ ফসল পাইকারদের কাছে বিক্রি করার সুযোগ পাচ্ছেন।

মধুপুরের কৃষক আমিরুল জানান, নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন করে বিক্রয়কেন্দ্রে এনে আমরা কোনো ঝামেলা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই আমাদের উৎপাদিত ফসল বাজারজাতের সুযোগ পাচ্ছি।