রাজধানীর মিরপুর বক্সনগরে পুরনো বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। আজ বুধবার দুপুর  ১টার দিকে মিরপুরের বক্সনগর এলাকার ৫৪ নম্বর সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন। আর আহত দুজনের একজন হলেন সিরাজ ইসলাম। আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে রাতে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ওই ব্যক্তিরা একটি পুরনো বাড়ি কিনেছিলেন। বুধবার দুপুরে বাড়িটি ভাঙার কাজ করছিলেন তারা। কাজ প্রায় শেষের দিকে ছিল। এ সময় ভাঙা বাড়িটির একটি দেয়াল এবং পাশের আরেকটি বাড়ির দেয়াল একসঙ্গে ধসে পড়ে। এতে তারা চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরো বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর  মামলা করা হয়েছে।