বিএনপিকে শীতের পাখির সঙ্গে তুলনা করেছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, শীতকালে যেমন সাইবেরিয়া থেকে শীতের পাখিরা এসে আমাদের দেশে ধান খেয়ে মোটাতাজা হয়ে আবার চলে যায়। বিএনপিরও পাঁচ বছর খবর নেই, নির্বাচন যখন আসে তখন শীতের পাখির মতো আসে। এ সুযোগ আর তাদের দেয়া যাবে না।
আজ শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। এরা জনগণের শত্রু, দেশের শত্রু। এদের প্রতিহত করতে হবে। যারা হাওয়া ভবন বানিয়ে মানুষের কাছ থেকে চাঁদা তুলতো, বিদ্যুৎ না দিয়ে খাম্বা লাগাতো, তাদের হাতে দেশ তুলে দিতে পারি না।
মানুষ শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের এই পরিবর্তন তাদের সহ্য হচ্ছে না। এজন্য বিএনপি এখন সারাদেশে সমাবেশ করে সন্ত্রাসীদের জড়ো করছে। ফখরুল-রিজভী এবং গয়েশ্বর বাবুরা যাই বলুক না কেন, কদিন আগে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলে গেছেন, বাংলাদেশ যে অগ্রগতি করেছে সেটি পৃথিবীর জন্য উদাহরণ, বিস্ময়কর অগ্রগতি।
উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, উত্তর জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।










