বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে গতকাল সকালে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি। এ সময় সেখানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। বৈঠকে বোয়িং থেকে নতুন উড়োজাহাজ ক্রয়-সংক্রান্ত পূর্ববর্তী চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি বর্তমান সংকট নিরসনে লিজ নেয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
বিমানমন্ত্রী লিজ কার্যক্রমটি দ্রুত শুরুর তাগিদ দিলে বোয়িংয়ের প্রতিনিধি পল রিঘি তাদের ‘ন্যারো বডি’ এয়ারক্রাফট, বিশেষ করে ‘বোয়িং-৭৩৭ সিরিজ’ লিজ দেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আধুনিকায়নের লক্ষ্যে বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়াও চলমান রয়েছে। তবে সে চুক্তির আওতায় প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরের আগে বহরে যুক্ত হচ্ছে না। তাই মধ্যবর্তী এ দীর্ঘ সময়ের চাহিদা পূরণে লিজ নেয়ার মাধ্যমে সক্ষমতা বাড়াতে চায় সরকার।










