নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস এবং একটি পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার নিলকুঠি এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে নিয়ে গিয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, একটি বিআরটিসি বাস বিকল হয়ে ঘটনাস্থলে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় কিশোরগঞ্জমুখী একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের শিকার ওই বাসদুটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাছভর্তি পিকআপ ভ্যান। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান দুজন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার সময় মারা যান আরো একজন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, নিহতদের মরদেহ ভৈরব হাইওয়ে থানায় নেয়া হয়েছে। গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছে।