মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহতরা হলেন হারুন অর রশিদ (৩৫), রনি (৩৪), আক্তার (৪০), মুক্তার (৪২), আনন্দ (২৫), হাসিব (২২) শাহিনূর বেগম (৫৫), শাহ পরান গ্রুপের রিয়াদ হোসেন (২৪) ও আক্তার হোসেন (৪০)।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে হোসেন্দী ইউনিয়নে শাহ পরান গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ হারুন অর রশিদ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনে শাহ পরান গ্রুপের সমর্থকরা বিজয়ী উপজেলা চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহর পক্ষে অবস্থান নেন, অন্যদিকে হারুন অর রশিদ গ্রুপের লোকজন অবস্থান নেন পরাজিত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের পক্ষে।

নির্বাচনে আমিরুল ইসলাম পরাজিত এবং মনসুর আহমেদ খান জিন্নাহ জয় লাভ করায় চাপে ছিল হারুন গ্রুপের লোকজন।

এর মধ্যে সম্প্রতি গতকাল রোববার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সোমবার (২৪ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে গোয়ালগাঁও গ্রামের দিলা মিয়ার মুদি দোকানের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি হারুন অর রশিদসহ তার সমর্থক রনি (৩৪), আক্তার (৪০), মুক্তার (৪২), আনন্দ (২৫), হাসিব (২২) সহ আরো একজন গুলিবিদ্ধ হয়।

হামলার খবর পেয়ে হারুনের চাচি শাহিনূর আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। অন্যদিকে শাহ পরান গ্রুপের রিয়াদ ও আক্তার হোসেন নামে দুজন আহত হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ এরপর স্থানীয়রা। আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে তাদের।

বণিক বার্তাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব খান জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, পরবর্তী সংঘাত কিংবা সহিংসতার মতো ঘটনায় এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষের লোকজন লিখিত অভিযোগ দায়ের করেনি, তবে গুলিবিদ্ধ তিনজনের অবস্থা গুরুতর বলে জানতে পেরেছি, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।