পার্বত্য চট্টগ্রামের সব সহিংসতার মূল কারণ চাঁদাবাজি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘চাঁদাবাজি বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা বন্ধ করা যাবে না। কোট-স্যুট পরা লোকেরাই বড় বড় কথা বলে এসব জিইয়ে রাখে। কোনো অবস্থাতেই এসব চাঁদাবাজি-সন্ত্রাস বরদাশত করা হবে না। কঠোর হাতে এদের দমন করা হবে এবং কাউকে ছাড় দেয়া হবে না।’

গতকাল দুপুরে রাঙ্গামাটি বিজিবি সেক্টর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন। তাদের কিছু মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার। বাংলাদেশের মিডিয়ার সত্য প্রচারের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে।’

প্রেস ব্রিফিংয়ের সময় তার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা হেলিকপ্টারে রাঙ্গামাটির সাজেক ও বাঘাইহাটে বিজিবির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।