মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. শামীম হাওলাদার হত্যা মামলায় যুবলীগ নেতা রুবেল ওরফে চশমা রুবেলকে গ্রেফতার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাত প্রায় ৯টায় রূপনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল রূপনগর থানা যুবলীগের ৬ নং ওয়ার্ডের সেক্রেটারি।
রূপনগর থানা সূত্রে জানা যায়, রাজধানীর রূপনগর এলাকায় মো. শামীম হাওলাদার হত্যার ঘটনায় তার চাচাত ভাই সম্রাট হাওলাদার গত ১৫ সেপ্টেম্বর রূপনগর থানায় একটি মামলা রুজু করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই বিকালে রূপনগর এলাকার প্রশিকা মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের ছোড়া গুলি শামীম হাওলাদারের বুকে লাগে। পরে গুরুতর আহত শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র আরো জানায়, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শামীম হাওলাদার হত্যায় জড়িত এজাহারভুক্ত আসামী রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










