রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায়।

মৃতরা হলেন গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৪০) এবং রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩২)। রোববার মধ্যরাতে নিজ নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। গতকাল দুপুরের দিকে ঘটনাটি জানাজানি হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, এ ঘটনায় জয়নুল আবেদীন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ‘বিষাক্ত স্পিরিট পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর চিনিকল এলাকা দীর্ঘদিন ধরে বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট ও চোলাই মদের অবৈধ ব্যবসার জন্য কুখ্যাত। প্রায় প্রতি বছরই নিষিদ্ধ এসব মাদক পান করে মৃত্যুর ঘটনা ঘটে থাকলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

রোববার রাতে কিসামত বসন্তপুর এলাকার কয়েকজন মাদকসেবী নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদীনের কাছ থেকে বিষাক্ত মাদক সেবন করেন। তাদের মধ্যে আলমগীর ও সোহেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি গোপন রাখতে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চিকিৎসা দেয়ার চেষ্টা করা হলেও রাতেই তাদের মৃত্যু হয়।

গোপালপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম জানান, শ্যামপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক বেচাকেনা চললেও তা বন্ধে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও আশানুরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান জোরদারের দাবি জানান।