নরসিংদীর রায়পুরায় দীর্ঘদিনের চলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেঁটাযুদ্ধে আজগর আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। গতকাল সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আজগর আলী (৫৫) গজারিয়াকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে ও বর্তমান ইউপি সদস্য খালেক হাজীর সমর্থক।

আহতরা হলেন একই এলাকার মঞ্জুর আলীর ছেলে জামির আলী, তাহার আলীর ছেলে শাহীন আলী, সামসুল হকের ছেলে বাচ্চু মিয়া, আশরাফ আলীর ছেলে চান মিয়াসহ আরো কয়েকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে গজারিয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থক ও বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মফিজ উদ্দিন নামে একজন নিহত হয়েছিলেন। এ নিয়ে মামলা-হামলাসহ সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকরা বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করেন।

চার মাস গ্রামের বাইরে থাকার পর গতকাল সকালে খালেক গ্রুপ পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করলে দুই গ্রুপের টেঁটাযুদ্ধ বাধে। এ সময় ছয়টি টেঁটার আঘাতে খালেক গ্রুপের সমর্থক আজগর আলীর মৃত্যু হয়। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহত হয় দুই গ্রুপের আরো ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর জানান, সকাল সাড়ে ১০টায় হাসপাতালে টেঁটাবিদ্ধ অবস্থায় একজনকে নিয়ে আসা হয়। তার শরীরে একাধিক টেঁটাবিদ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে এর মধ্যে একটি টেঁটা তার শরীরে ঢুকে ফুসফুস ছিদ্র হওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রায়পুর থানার উপপরিদর্শক নাসির উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টায় হাসপাতালে এসে তার মরদেহের সুরতহাল করা হয়। প্রাথমিক সুরতহালে তার শরীরে ছয়টি টেঁটাবিদ্ধ অবস্থায় দেখা গিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।