ময়মনসিংহের ত্রিশালে বালিবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের কুতুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মানিক মণ্ডলের ছেলে এমদাদুল হক (৩৫) ও তার স্ত্রী নারগিস আক্তার। তারা দুজনই ভালুকায় পোশাক কারখানায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে এমদাদুল হক তার স্ত্রীকে নিয়ে ভালুকা থেকে মোটরসাইকেল করে নান্দাইলে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ত্রিশাল-বালিপাড়া সড়ক দিয়ে যাওয়ার পথে কুতুবপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারগিস আক্তারের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় এমদাদুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে এমদাদুল হকের মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে নারগিস আক্তারের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করেছে।