জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও কৌশল নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারো বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক হয়।

এতে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম এ মতিন, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

আলোচনায় কমিশনের পক্ষ থেকে প্রথমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরা হয়। এতে দলগুলোর মতামত, পরামর্শ ও উদ্বেগগুলো বিশেষভাবে জানানো হয়, যাতে বিশেষজ্ঞরা সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে সুস্পষ্ট ধারণা পান।

এরপর, সনদের বাস্তবায়নের উপায় ও কৌশল নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেয়া হয়। বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য তা বিবেচনায় নেয়া হয়।

কমিশনের পক্ষ থেকে বৈঠকে ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় যোগ দেন।