বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ৩০০ ফিটের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন রাস্তায় মানুষের ঢল নেমেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মহাখালী থেকে বিমানবন্দর সড়কের রাস্তায় মানুষের ঢল। পায়ে হেঁটে হাজার হাজার মানুষ যাচ্ছে ৩০০ ফিটের উদ্দেশ্যে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর মহাখালী, বনানী, এমইএস ও বিশ্বরোড সড়কে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রায় সব এলাকা থেকে দল বেঁধে ট্রাক-বাস কিংবা মোটরসাইকেলে করে স্লোগান দিতে দিতে ৩০০ ফিট ও বিমানবন্দরের দিকে যাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা স্লোগান দিচ্ছেন—‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
রাজধানীর হাতিরপুল থেকে ৩০০ ফিটের দিকে হেঁটে আসছিলেন আবু জায়েদ পাটোওয়ারী। তিনি বলেন, মহাখালী পর্যন্ত গাড়ি দিয়ে আসতে পেরেছি। তারপরে রাস্তায় ব্যারিকেড দেওয়া আছে। সেখান থেকে হেঁটে যাচ্ছি। আমার মতো লাখ লাখ মানুষ তারেক রহমানকে স্বাগত জানাতে হেঁটে ৩০০ ফিটে যাচ্ছেন।
মিরপুরের ইব্রাহিমপুর এলাকায় দেখা গেছে, মিরপুরের বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। বনানী থেকে এমইএসে সড়কে পায়ে হাঁটা মানুষের ঢল। বিশ্বরোড এলাকায় এরই মধ্যে হাজার হাজার বাসের জটলা পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। এখনো ৩০০ ফিটের দিকে আসছে শত শত মিছিল। বাস ও ট্রাকে আসছেন নেতাকর্মীরা।










