সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় এ বছর রমজান মাস উপলক্ষে শেরপুরে ১ লাখ ১০ হাজার ৬৯ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ করবে জেলা প্রশাসন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ২৭ জন ডিলারের মাধ্যমে তিন দফায় মসুর ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলা বিক্রি করা হবে।

টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি নিয়ে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে শেরপুরের স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এ সময় তিনি বলেন, আগামী ২০ মার্চ জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক উপস্থিত থেকে  টিসিবির পণ্য রিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি জানান, এরই মধ্যে জেলার চারটি পৌরসভা ও ৫২টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। জেলায় টিসিবির নির্ধারিত ২৭ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিতরণ করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৫০ টাকা কেজি দরে দুই কেজি ছোলা, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল  কিনতে পারবেন। রোজার আগে ও পরে মোট তিনটি ধাপে এ পণ্য বিতরণ করা হবে। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য দেয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে আরো বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, রফিক মজিদ, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন   জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিজানুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, দেবাশীষ সাহা রায়, মারুফুর রহমান ফকির, জি এইচ হান্নান, আসাদুজ্জামান মুরাদ, জুবাইদুল ইসলাম, জাহিদুল খান  সৌরভ, মো. তারিকুল ইসলাম, বুলবুল আহমেদ, বিল্লাল হোসেন সুহাগসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।