২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির ৪ শতাংশ বরাদ্দ, কার্যকর সংস্কার ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটির সভাপতি মশিউর রহমান রিচার্ড।
সংবাদ সম্মেলনে মশিউর রহমান খান রিচার্ড বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ শাসনে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। হাসিনার পতনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করেছি শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে কোনো 'সংস্কার কমিশন' গঠন করা হয়নি। কিন্তু জাতি গঠনে আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন অত্যন্ত জরুরি।
এ খাতে নিজেদের দাবির পক্ষে সারা দেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ ও শিক্ষা সংলাপের আয়োজন করেছে ছাত্র ফেডারেশন। মানুষ স্বতঃস্ফূর্ত এই দাবিগুলোর পক্ষে নৈতিক সমর্থন জানিয়েছে বলেও জানান সংগঠনটির সভাপতি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে ইসলামী ছত্রশিবিরের হামলার নিন্দা জানিয়ে মশিউর রহমান খান রিচার্ড বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা এক অলিখিত চুক্তির মধ্যে ছিলাম। আমাদের অনেক দ্বিমত থাকবে কিন্তু তার প্রকাশ আমরা করব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা-মামলার সংস্কৃতি আর ফেরত আসবে না কিন্তু শিবির তা ভঙ্গ করেছে।
অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক ফারহানা মুনা, ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক, ঢাকা নগর শাখার সভাপতি আল-আমিন রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।










