পিরোজপুরের শহরের প্রেসক্লাব সড়কে অগ্নিকাণ্ডে মন্দিরসহ ৫টি দোকান ও দুটি গুদাম কাম কারখানা পুড়ে গেছে। আজ শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৫০লাখ টাকার মালামাল। এ সময় প্রেসক্লাবের ভবনও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
পিরোজপুর দমকল বিভাগের উপ-সহকারী পরিচালক আ. মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জালাল মিয়া নামের এক ব্যবসায়ীর লেপ-তোষকের দোকানের কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানাটি গুদাম হিসেবেও ব্যবহার করছিলেন তারা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পিরোজুপর সদরের দুটি, নাজিরপুরের একটি ও ইন্দুরকানীর একটি মোট চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পাঁচটি দোকান, দুটি লেপ-তোষকের গুদাম ও একটি মন্দির পুড়ে গেছে।
এরপর তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফসিউল ইসলাম বাচ্চু জানান, অগ্নিকাণ্ডে প্রেসক্লাবের মালিকাধীন দুটি গোডাউন কাম কারখানা ও ৫টি দোকান পুড়ে গেছে। এ ছাড়া প্রেসক্লাব ভবনের দুটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।










