কুমিল্লায় আওয়ামী লীগের পক্ষে মধ্যরাতে মিছিল করায় সাবেক কাউন্সিলরসহ ৬ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় একটি ঝটিকা মিছিল করে তারা। এরপর তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, সোমবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল (৪৫), ৬ নম্বর ওয়ার্ডের খোকন মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহে আলম, জগন্নাথপুর ইউনিয়নের আমিনুল হকের ছেলে যুবলীগ নেতা রাশেদ, রহিম উদ্দিনের ছেলে নাছির, জসিম মিয়ার ছেলে নাঈম হোসেন ও আবদুল হকের ছেলে মো. জুয়েল।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে মিছিলকারীদের ‘অবৈধ সরকার মানি না’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘আ ক ম বাহার বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’—এই ধরনের স্লোগান দিতে শোনা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রোববার রাতে তারা শাসনগাছা এলাকায় মিছিল করে ও নাশকতার চেষ্টা চালায়।

ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে আগেও কুমিল্লা পুলিশ লাইনে ও আলেখারচরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। আগেই গ্রেফতার হওয়া আরো আটজনকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। নতুন করে গ্রেফতার হওয়া এই ছয়জনকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।