মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় নেয়া এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার রাতে নির্যাতনের শিকার গৃহবধূর (১৬) মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৫) এবং টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেনকে (২৯)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে এক দম্পতি আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে মানিকগঞ্জ শহরে পৌঁছলে তাদের ব্যাটারিচালিত অটোভ্যানের চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনায় তারা মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় নেন। সেখানে থাকা আনসার সদস্য আবু সাঈদ ও শাহাদাত হোসেন তাদের স্বামী-স্ত্রী পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদের কথা বলে স্বামীকে নিচে রেখে গৃহবধূকে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়।
সোমবার ভোরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় টহল পুলিশের সহায়তায় বিষয়টি মৌখিকভাবে মানিকগঞ্জ সদর থানাকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বে থাকা সব আনসার সদস্যকে ডেকে আনে। এ সময় নির্যাতনের শিকার গৃহবধূ অভিযুক্ত দুই আনসার সদস্যকে শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলেও গতকাল মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার সময় তারা অভিযোগ অস্বীকার করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাদের জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, নির্যাতনের শিকার গৃহবধূর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, ‘হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তার মা মামলা করেছেন। আদালতে জবানবন্দি শেষে বিচারক অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী গৃহবধূ সুস্থ হলে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেবেন।’










