বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, ‘ভারত কোনো সময় বিএনপিকে পছন্দ করে না। তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে। এ ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে।’

গতকাল দুপুর ১২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনের প্রথম পর্ব শুরু হয় জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। উপজেলা বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।

অনুষ্ঠানে নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলার মধ্য দিয়ে দলকে এগিয়ে নিতে দিকনির্দেশনা দেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

ছাত্র-জনতার উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই দেশ গড়বে। বিদেশী কেউ এসে দেশ গড়বে না। তোমরা দেশটা সুন্দর করে গড়ে তুলবে এটা আমরা কামনা করি।’

সোহরাব উদ্দিন বলেন, ‘তারেক রহমান দেশে ফিরে আসবেন। ওয়ান-ইলেভেনে যেভাবে আমরা পাহারা দিয়েছি, আবারো সেভাবে পাহারা দেব। বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে।’

সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়। তবে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ হোসেন কালু ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটাভুটির মধ্য দিয়ে গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা সভাপতি ও সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।