গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, রাতে ইমাদ প‌রিবহ‌নের এক‌টি বাস যাত্রী নিয়ে ঢাকা থে‌কে গোপালগঞ্জে যাচ্ছিল। পথে থেমে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছ‌নে ধাক্কা দেয় বাসটি। এ সময় ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকা চালক আশিক ও সোহাগসহ অজ্ঞাত একজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন কমপক্ষে ১৫ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

নিহত ট্রাকচালক আশিকের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার শ্রীরাম কান্দী এবং ট্রাকচালক সোহাগ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাসিন্দা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।