বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের মদনমোহন আখড়া মন্দিরে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আমির হোসেন আমু এমপি।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুখেন্দু শেখর বৈদ্য, ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার। সম্মেলনে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরনীকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দুলাল সাহাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।










