ফরিদপুরের মাধবপুরে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা এলাকায় এ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৯ জন। এছাড়া আরেক দুর্ঘটনায় ফরিদপুর-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রোববার ভোর রাতে বেপরোয়া গতিতে ফরিদপুর থেকে বরিশাল যাওয়ার পথে একটি গাছের সাথে ধাক্কা লাগে সাকুরা পরিবহনের বাসটির। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দুজন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দুজন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহানুর রহমান চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বাসটি অতিরিক্ত গতিতে গাছে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।