পাবনার ঈশ্বরদীতে চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ টন মেশিনারিজ নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মার্গারেট। বন্দরের ৮ নম্বর জেটিতে গতকাল বিকালে জাহাজটি ভিড়েছে। সন্ধ্যা থেকে পণ্য খালাস শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী।

এর আগে গত ৬ জুন রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। এতে বিভিন্ন ধরনের ইলেক্ট্রিক্যাল ও মেশিনারিজ রয়েছে। সাধন কুমার চক্রবর্তী বলেন, ‘খালাস শেষে পণ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে।’ 

এর আগে ২ জুলাই রাশিয়া থেকে সরাসরি একই বিদ্যুৎ কেন্দ্রের মালাপত্র নিয়ে মোংলায় এসেছিল এমভি লিবার্টি হারভেস্ট। তারও আগে ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান রাশিয়া থেকে ওই বিদ্যুৎ কেন্দ্রের মালাপত্র এনেছিল। 

এদিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে ‘এমভি সাগরকান্তা’ নামের একটি মাদার ভ্যাসেল। ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে জাহাজটি গত সোমবার বিকালে বন্দরের আউটারেজে পৌঁছায়। গতকাল সকালে সেটিকে ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হয়। বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। 

এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর ছেড়ে আসে সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজ। 

জ্বালানি সংকটের কারণে কিছুদিন বন্ধ থাকা তাপবিদ্যুৎ কেন্দ্র আবার চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। তাপবিদ্যুৎ কেন্দ্র আবার চালু হওয়ার পর এ পাঁচ জাহাজে কয়লা এসেছে প্রায় ১ লাখ ৯০ হাজার টন।