ফরিদপুরের নগরকান্দায় মনিরা বেগম (৩০) নামে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার তালমা ইউনিয়নের (ঢাকা-বরিশাল মহাসড়ক) মানিকনগর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তালমা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য শাহাজাহান শেখ এ তথ্য নিশ্চিত করেন। 

মনিরা বেগম নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের ইজিবাইক চালক সাহেব আলীর স্ত্রী। তিনি বাখুন্ডা করিম জুট মিলের শ্রমিক ও বাখুন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে তার স্বামীর সঙ্গে থাকতেন।

স্থানীয়রা জানান, সকালে মানিকনগর ব্রিজের পাশে এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় নারী শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, সকালে খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং বিষয়টি পুলিশকে জানিয়েছি।

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।