গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড কারখানায় পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক। তাদের অধিকাংশই নারী। পানি পানের পর পেট ব্যথা ও বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে কারখানাটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। সকালে কাজ শুরুর পর অনেকেই পানি পান করেন। এর পরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি খারাপ হলে অন্তত ৫০ শ্রমিককে গাজীপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, শ্রমিকরা কারখানার সাপ্লাই করা পানি পান করেছিলেন। এরপর ৪০-৫০ জন শ্রমিক পেট ব্যথা, বমি ও দুর্বলতা অনুভব করেন। অনেক ক্ষেত্রে এটি মানসিক আতঙ্ক থেকেও ঘটতে পারে। কারণ অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর একসঙ্গে বেশ কয়েকজন শ্রমিক অনুরূপ উপসর্গে ভোগার কথা জানান। যারা এমন উপসর্গে আক্রান্ত হয়েছেন, তাদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজুল ও নাওজোড় মেডিকেলসহ আশপাশের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।










