ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. সাকিব (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তবর্তী গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও আহত হয়েছেন। তাকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মঙ্গল বর্মণের ছেলে।

এর আগে রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন সাকিব ও সুজন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম জানান, ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যান সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।