গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই। আজ রোববার (২৪ মার্চ) সচিবালয়ে গৃহায়ণ  ও গণপূর্ত মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, নির্মাণখাতে সবুজায়ন, পরিবেশ সুরক্ষাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন ফরাসি রাষ্ট্রদূত।

উল্লেখ্য, যে ৭ থেকে ৮ মার্চ  প্যারিসে ৭০টি দেশের ১ হাজার ৪০০ জন প্রতিনিধিকে নিয়ে বিল্ডিং অ্যান্ড গ্লোবাল ফোরাম ২০২৪ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে অংশ নেন গণপূর্তমন্ত্রী। ফোরামে কপ-২৮ সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে ৯ দফা  সিদ্ধান্ত গৃহীত হয়। ওই ঘোষণার আলোকে ফ্রান্স ও বাংলাদেশ সরকারের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা।