টানা চার‌দিন পর সাতক্ষীরার আশাশু‌নি উপজেলার খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হয়েছে। সেনাবা‌হিনীর সহায়তায় পা‌নি উন্নয়ন বোর্ড (পাউবো) গতকাল ক্ষ‌তিগ্রস্ত বাঁধ‌টি সংস্কার করেছে।

এর আগে বাঁধ ভেঙে উপজেলার আনু‌লিয়া ইউ‌নিয়নের অন্তত ১০টি গ্রাম লবণাক্ত পানিতে তলিয়ে যায়। পা‌নিবন্দি হয়ে পড়ে প্রায় ২০ হাজার মানুষ। গৃহহীন হয় কমপক্ষে পাঁচ শতা‌ধিক পরিবার। পা‌নির স্রোতে ডুবে যায় ছয় হাজার মাছের ঘের ও কয়েকশ বিঘা বোরো ধান এবং অন‌্যান‌্য ফসলি জমি। এতে অন্তত ২০ কো‌টি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আনুলিয়া ইউনিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান রুহুল কুদ্দুস।

তিনি জানান, বিধ্বস্ত হয়ে যাওয়া কাঁচা ঘরবা‌ড়ি পুনর্নির্মাণ করে বসবাস শুরু করতে আরো সাত-আটদিন সময় লাগবে। সে পর্যন্ত এসব মানুষকে ত্রাণ সহায়তা দেয়ার আহ্বান জানান তি‌নি।

পা‌উবো ডি‌ভিশন-২-এর নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, সেনাবা‌হিনী ও স্থানীয়দের সহায়তায় ক্ষ‌তিগ্রস্ত বাঁধ‌ পুরোপুরি সংস্কার করা হয়েছে। এখন আর নদীর আশপাশে বসবাসকারীদের ভয়ের কারণে নেই। জিও ব‌্যাগ দিয়ে মজবুত করে বাঁধ‌টি সংস্কার করা হয়েছে।

৩১ মার্চ বেলা ১১টার দিকে আশাশু‌নির খোলপেটুয়া নদীর বিছট নামক এলাকায় ২০০ ফুট এলাকাজুড়ে বে‌ড়িবাঁধ ভেঙে যায়। এতে আনু‌লিয়া ইউনিয়নের কমপ‌ক্ষে ১০ গ্রাম তলিয়ে যায়। গৃহহীন হয়ে পড়ে পাঁচ শতা‌ধিক প‌রিবার।