প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রামে ১০ হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলছে। উন্নয়নকাজগুলো শুধু পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নয়। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের কারণে গৃহীত নানা প্রকল্প কর্মসূচির আওতার মধ্য দিয়েও উন্নয়ন হচ্ছে। ফলে পার্বত্য এলাকায় শিক্ষাসহ সার্বিক বিষয় এগিয়ে যাচ্ছে। গতকাল বান্দরবানে অরুণ সারকি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মন্ত্রী বলেন, সরকারি সুযোগ কাজে লাগিয়ে শিক্ষিত হওয়ার চ্যালেঞ্জ শিক্ষার্থীকেই নিতে হবে। কেন লেখাপড়া করছি, তার লক্ষ্য থাকতে হবে। লক্ষ্যহীন লেখাপড়া ভবিষ্যতে সুফল বয়ে আনে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আক্তার, অধ্যক্ষ মকছুদুল আমিন, প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ প্রমুখ।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, এ বছর তিন পার্বত্য জেলার ২ হাজার ২০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হচ্ছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১ হাজার ২৪৯ জন ও কলেজ পর্যায়ে ৯৫১ জন।