নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরো সাত দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে অষ্টমবারের মতো নিষেধাজ্ঞা বাড়ানো হলো। আজ রোববার সন্ধ্যায় বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পর্যন্ত জেলার রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন না। 

এর আগে গত ১৬ নভেম্বর সপ্তম দফায় রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেসময় থানচি উপজেলা নিষেধাজ্ঞার আওতামুক্ত ঘোষণা করা হয়। এর আগে আলীকদম উপজেলাও নিষেধাজ্ঞার আওতায় ছিল। সেখানে গত ৮ নভেম্বর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

প্রসঙ্গত, গত অক্টোবর থেকে রাঙামাটির বিলাইছড়ির উপজেলার বড়থলি ইউনিয়ন ও ওই ইউনিয়নসংলগ্ন বান্দরবানের রুমা ও রোয়াংছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়েছিল। এরপর নিষেধাজ্ঞার কবলে পড়ে পর্যটন এলাকাগুলো। তবে আজ জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী জেলা সদর, থানচি, আলীকদমসহ অন্য পাঁচ উপজেলায় ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নাই।