রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকালেই বৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঢাকার বায়ুমান আজ ‘ভালো’। বিশ্বের ১২১টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ২৬তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার স্কোর ৮৯। বায়ুর এ মান মাঝারি বা গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়।

অন্যদিকে বায়ুদূষণে শীর্ষে আজ ভারতের দিল্লি। রোববার (৩১ মার্চ) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর হচ্ছে ২০১ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির স্কোর ১৭৯। এর অর্থ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এ শহরটির দূষণ স্কোর ১৬৬ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।