সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরীসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিআইডি সদর দপ্তর থেকে অনুসন্ধানের বিষয়টি জানানো হয়।

সিআইডি সূত্র জানায়, সাইফুজ্জামান চৌধুরী ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে নাহার ম্যানেজমেন্ট ইনকরপোরেটেড নামে একটি প্রতিষ্ঠান খোলেন এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন সময়ে ৯টি ফ্ল্যাট কেনেন। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে কম্পিউটার সফটওয়্যার ব্যবসার জন্য তিনি দুবাইয়ে র‍্যাপিড র‍্যাপ্টর এফজিই এবং জেবা ট্রেডিং এফজিই নামে আরো দুটি প্রতিষ্ঠান খোলেন।

অনুসন্ধান সংশ্লিষ্টরা জানান, সাইফুজ্জামান চৌধুরী ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরব আমিরাতে ৬২০টি বাড়ি কিনেছেন, যার বাজারমূল্য প্রায় ৪৮ কোটি ডলার। রুখমিলা জামান চৌধুরীর নামে দুবাইয়ের আল-বারশা সাউথ-থার্ড এলাকায় কিউ গার্ডেন্স ও বুটিক রেসিডেন্সে দুটি ফ্ল্যাট রয়েছে। যার মূল্য ২২ লাখ ৫০ হাজার ৩০০ দিরহাম।

বিষয়টি নিয়ে সিআইডির আরো তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।