শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ন্যায়বিচার ও পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও দায়বদ্ধ হওয়া উচিত। আজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে এ কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সমাবর্তনে পরিবেশ উপদেষ্টা বলেন, শিক্ষা যেন কেবল উপার্জনের মাধ্যম না হয়ে সমাজ বদল, দেশ গড়া ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তাদেরও যুক্ত হওয়া উচিত। যেকোনো পরিস্থিতিতে ন্যায়বিচার ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। জলাশয় ও বনভূমি দখল রোধ করতে হবে। এছাড়াও সাহসিকতার সঙ্গে প্লাস্টিক দূষণ, শব্দদূষণ, বন উজাড় ও জলবায়ু সংকটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নারী ও পরিবেশ রক্ষার সংগ্রাম একে অপরের পরিপূরক। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। অথচ এর জন্য তারা সবচেয়ে কম দায়ী। এই ন্যায়ের প্রশ্নেই জলবায়ু সংগ্রাম একটি নারীবাদী আন্দোলন।

তিনি শিক্ষার্থীদের বলেন, তারাই আগামীর নেতৃত্ব, তাদের প্রতিটি সিদ্ধান্তই পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, আমরা সবাই উন্নয়ন চাই, তবে তা যেন প্রকৃতির ওপর বিপর্যয় ডেকে না আনে। প্রকৃতিকে যথাসম্ভব কম বিরক্ত করতে হবে। শুধু চাকরি নয়, সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় পরিবেশবান্ধব সমাধান উদ্ভাবনে তাদের উৎসাহিত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।