সিঙ্গাপুরে বৈধ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের সম্মান জানাতে শুরু হয়েছে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬ সিঙ্গাপুর’। আজ সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় বিকালে সিঙ্গাপুরের প্লুমে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে দৈনিক বণিক বার্তা । এতে সহযোগী অংশীদার হিসেবে রয়েছে সিঙ্গাপুরের থাকরাল গ্রুপ। এছাড়া স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি ও ইউএস-বাংলা এয়ারলাইন্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন থাকরাল গ্রুপের চেয়ারম্যান গুরমুখ সিং থাকরাল।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ওয়ান ব্যাংক পিএলসির চেয়ারম্যান এ. এস. এম. শহীদুল্লাহ খান, ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক বাসব বাগচি।
‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৫ সিঙ্গাপুর’-এর সাফল্যের ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হচ্ছে। এবারের আয়োজনেও বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেয়া হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও মেধাভিত্তিক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মাননার পুরো নির্বাচন ও আমন্ত্রণ প্রক্রিয়া যৌথভাবে সমন্বয় ও চূড়ান্ত করেছেন অগ্রণী এক্সচেঞ্জ হাউস পিটিই লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, প্রাইম এক্সচেঞ্জ কোং পিটিই লিমিটেডের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল্লাহ এবং এনবিএল মানি ট্রান্সফার পিটিই লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
দৃষ্টান্তমূলক রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি সমাজের উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চারটি সংগঠন ও দুইজন সিআইপিকেও এ আয়োজনে সম্মাননা দেয়া হচ্ছে।
সম্মাননা পাওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য সংগঠন বাংলাদেশ বিজনেস চেম্বার সিঙ্গাপুর, স্বেচ্ছাসেবী সংগঠন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি, মাইগ্রেন্ট মিউচুয়াল এইড এবং দ্য ওয়ান্ডারিং দরবেশ। সিআইপি হিসেবে সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মো. সাহিদুজ্জামান এবং শীর্ষস্থানীয় রেমিট্যান্স প্রেরণকারী মাইন উদ্দিন।
সিঙ্গাপুরে সক্রিয় বাংলাদেশভিত্তিক ব্যাংকগুলোর আওতাধীন তিনটি শীর্ষস্থানীয় এক্সচেঞ্জ হাউস এ সম্মাননার জন্য ৭৫ জন রেমিট্যান্স প্রেরণকারীকে মনোনয়ন দিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো অগ্রণী ব্যাংক পিএলসির অগ্রণী এক্সচেঞ্জ হাউস পিটিই লিমিটেড, ন্যাশনাল ব্যাংক পিএলসির ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি পিটিই লিমিটেড এবং প্রাইম ব্যাংক পিএলসির প্রাইম এক্সচেঞ্জ কোং পিটিই লিমিটেড।
মনোনীত ৭৫ জনের মধ্য থেকে প্রতিটি প্রতিষ্ঠান থেকে পাঁচজন করে মোট ১৫ জন প্রবাসীকে ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ দেয়া হচ্ছে। বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেয়া হচ্ছে।










