নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিলেন বাংলাদেশের নিবিড় আদনান। বৈশ্বিক এ ইভেন্টে তিনদিন পাঁচ আন্তর্জাতিক ডিজাইনারের পোশাকে র‌্যাম্পে হাঁটেন তিনি। ম্যানহাটনের সনি হলে গত ১০ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হয় নিউইয়র্ক ফ্যাশন উইকের এবারের আসর। বরাবরের মতো এতে অংশ নেন বিশ্বের খ্যাতনামা ডিজাইনার, মডেল, সেলিব্রিটি ও ফ্যাশনপ্রেমীরা।

এ আয়োজনে ১৩০-এরও বেশি ডিজাইনারের পোশাকে হেঁটেছেন মডেলরা। আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়া থেকে আসা ২৮টি লাতিন-আমেরিকান ব্র্যান্ডের পাশাপাশি অংশ নেয় যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য ও পর্তুগালের সংস্থাগুলো।

মূল অনুষ্ঠানের আগে ৮ সেপ্টেম্বর সিজি মডেলস এজেন্সির মাধ্যমে কাস্টিং রাউন্ডে অংশ নেন নিবিড় আদনান। এ পর্বে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় তিন হাজার মডেল অংশ নেন। ইভেন্টে ওফোরবিএইচ (যুক্তরাজ্য), মনকস্টার (অস্টিন, টেক্সাস), দ্য টোকিও ভাইবস (জাপান), রানওয়ে সেভেন ফ্যাশন (নিউ ইয়র্ক, এলএ, মিয়ামি) ও এমা রিজেরজের (টোকিও) পোশাক গায়ে জড়ান নিবিড়। তার মেকআপ করেছেন বুক অব বিউটি, ফটোগ্রাফিতে ছিলেন আঞ্জা স্টল।

নিবিড় আদনান বলেন, ‘এটি শুধু ব্যক্তিগত গৌরব নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে এটি এক অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক ফ্যাশন উইকের আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা সত্যিই স্বপ্নের বাস্তবায়ন। যখন কেউ আমাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থেকে এসেছ এবং আমি বলি, বাংলাদেশ থেকে এসেছি— তখন রোমাঞ্চ বোধ হয়। আন্তর্জাতিক সেলিব্রিটির সঙ্গে একই মঞ্চে থাকা এবং তাদের প্রশংসা পাওয়া অদ্ভুত অভিজ্ঞতা ছিল। তাদের সমর্থন ও শুভকামনা আমার হৃদয় ছুঁয়ে গেছে।

নিউইয়র্ক ফ্যাশন উইকের পাশাপাশি ১১ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল হেরিটেজ ফ্যাশন উইকে অংশ নেন নিবিড়। আগামী ২০ সেপ্টেম্বর অংশ নেবেন কৌচার ফ্যাশন উইকে।

নিবিড় আদনান দেশীয় শীর্ষ ব্র্যান্ডগুলোর মডেল হয়ে কাজ করেছেন। দেশের সীমানা পেরিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন ভারতের মুম্বাইয়েও। সেখানকার ক্লায়েন্ট তালিকায় রয়েছে অ্যামাজন ইন্ডিয়া, রেমন্ড ও স্পাইকারের মতো ব্র্যান্ড।

ইতালির বিশ্বখ্যাত বুলগারি ব্র্যান্ডের পারফিউমের অ্যাম্বাসাডর হয়েও কাজ করেছেন নিবিড়। লন্ডন ও দুবাইভিত্তিক একাধিক ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি। মডেলিং ছাড়াও অভিনয়ে নিয়মিত হতে যাচ্ছেন এ সুপার মডেল। চলতি বছর ‘এষা মার্ডার: কর্মফল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় নিবিড় আদনানের।