স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় পিরোজপুর জেলা পুলিশে দুই নারীসহ ২৩ কনস্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ বিভাগ। এর মধ্যে সাধারণ কোটায় ১৩ জন, মুক্তিযোদ্ধা কোটায় ছয়জন, পুলিশ পোষ্য কোটায় একজন, আনসার সদস্য কোটায় একজন ও নারী কোটায় দুজন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে।
গতকাল দুপুরে জেলা পুলিশ লাইনসে এক ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান। তিনি বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর কেউ যেন দালাল বা মধ্যস্বত্বভোগীর কবলে না পড়ে, এজন্য এলাকায় মাইকিং করা, মসজিদে মসজিদে গিয়ে নামাজের সময় মানুষকে জানানো এবং স্থানীয় পত্রিকাগুলোয় প্রচার করে সম্পূর্ণ স্বচ্ছভাবে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শারীরিক, মানসিকভাবে সক্ষম এবং মেধাবীদেরই নিয়োগ দেয়া হয়েছে।
পুলিশ সুপার জানান, ৮০০ জন পুরুষ ও ১০০ জন নারী প্রার্থী আবেদন করলেও বাছাই পর্বে ৬৯৪ জন উপস্থিত হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে এবং লিখিত পরীক্ষা শেষে ৫৩ জন উত্তীর্ণ হয়। আইজিপি বেনজীর আহমেদের নির্দেশনা অনুযায়ী সাতটি স্থরের বাছাই প্রক্রিয়া শেষে দুজন নারীসহ ২৩ জনকে প্রাথমিকভাবে এবং অপেক্ষামাণ হিসেবে আরো পাঁচজনকে চূড়ান্ত করা হয়েছে। এর পরে ডাক্তারি পরীক্ষা ও এ পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের চূড়ান্ত নিয়োগ দেয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম, প্রেস ক্লাব আহ্বায়ক গৌতম চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান নিয়োগ পাওয়া ২৩ সদস্যকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন।










