কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আবারো আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন। এতে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকল্প পথে রাজশাহী বাইপাস সড়ক দিয়ে চলাচল করায় সেখানে যানবাহনের চাপ বেড়েছে।

শিক্ষার্থীরা সংবাদমাধ্যমকে জানান, তারা একটি মিছিল নিয়ে ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর সেখানে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি-পুলিশ। প্রশাসন পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করছে।