চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে র্যাবের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় আতঙ্ক কাটাতে ব্যবসায়ীদের নিয়ে পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরমেয়র রেজাউল করিম খোকন।
তানভীন হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন, কাউন্সিলর বিঞ্চু প্রসাদ দত্ত রতন, নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যা, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাইদুল হক শিপন, রেস্টুরেন্ট সমিতির সভাপতি নজরুল ইসলাম লিটন, বাঁশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, দলিল লেখক সমিতির পক্ষে নাজিম উদ্দীন খোকন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য সফিউল আজম, বারইয়ারহাট পৌরবাজার ব্যবসায়ী সদস্য জসিম উদ্দিন প্রমুখ।
এ সময় বারইয়ারহাট পৌরমেয়র রেজাউল করিম খোকন বলেন, র্যাবের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমি দায়িত্ব নেয়ার পর থেকে বারইয়ারহাট বাজারকে ঢেলে সাজানোর চেষ্টা করছি। তাই কিছু শত্রু সৃষ্টি হয়েছে। বারইয়ারহাট পৌরবাজারের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে র্যাবের লুট হওয়া অস্ত্রটি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার অনুরোধ করেন তিনি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি অস্ত্র সরকারি সম্পদ। তাই দ্রুত র্যাবের লুট হওয়া অস্ত্রটি আইনশৃঙ্খলা বাহিনীকে জমা দিন। যদি ভয়ে জমা দিতে না পারেন তাহলে অজ্ঞাত স্থানে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন।










