চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বিকালে চাঁদপুর সরকারি জেনারেল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্তদের একটি হলে পৃথকভাবে আইসোলেশনে রাখা হয়েছে।
চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের প্রধান সেলিনা আক্তার বলেন, করোনায় যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই ছাত্রী। ১৮৬ জন শিক্ষার্থী থেকে তাদের আলাদা করে একটি হলের দুটি ব্লকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। প্রথমে ছয়জন, তারপর আরো সাতজন এবং গতকাল বেলা ২টা পর্যন্ত আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন বলেন, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪০৫। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ৯৮২ জনকে। এতে গড় আক্রান্তের হার ২৪ দশমিক ৭। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮২।










