চাঁদপুরে নদীপাড়ের ফসলি জমি থেকে মাটি কেটে নেয়ার দায়ে আটজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের আলুরবাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিন চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, একদল লোক নদী তীরের ফসলি জমির মাটি মেশিন দিয়ে কেটে নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে এ তথ্য পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি। এ সময় হাতেনাতে আটজনকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাদের চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, বেআইনিভাবে ফসলি জমি নষ্ট করা এবং পরিবেশ দূষণ হয় এমন ইটভাটা ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।