সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী মৌচোষায় একটি নতুন বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) ২১তম ‘মৌচোষা’ বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার বিওপি প্রাঙ্গনে একটি আম গাছের চারা রোপণ করেন। এ সময় বিজিবির দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিকূল পরিবেশেও দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্ত দিয়ে কোনো দুষ্কৃতিকারী যাতে অবৈধ কার্যক্রম পরিচালনা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর।
তিনি আরো উল্লেখ করেন, সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্যতেলের পাচার প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।










