কক্সবাজারের চকরিয়ায় জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতি সারা জীবন জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করবে। আজ শনিবার (১৯ অক্টোবর) সকালে চকরিয়া উপজেলার আছদ আলী পাড়া গ্রামে জুলাই বিপ্লবের শহীদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তারা লড়াই করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য গর্বের।
শহীদ আহসান হাবিবের পিতার উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তান দেশের জন্য জীবন দিয়েছেন। এটি অত্যন্ত গর্বের বিষয়। আমরা তাকে ফিরিয়ে দিতে পারব না। তবে সরকার সবসময় আপনাদের পাশে থাকবে।
উপদেষ্টা আরো জানান, জুলাই বিপ্লব ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেয়া হবে। এ সময় তিনি আস্ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ আহসান হাবিবের পরিবারের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন। এছাড়া চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের হাতেও একই ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই লাখ টাকার চেক প্রদান করেন।
পরবর্তীতে উপদেষ্টা শহীদ আহসান হাবিব ও ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। এ সময় তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় ধর্মসচিব মু. আ হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মু. আ আউয়াল হাওলাদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ এবং রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।









