একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
শুক্রবার দিবাগত রাত ১২টার আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান জোটের নেতারা। রাত ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এটি কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম শ্রদ্ধা নিবেদন।

এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলের হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের অন্য সংসদ সদস্যরা। এরপর তারা শহীদ বেদিতে কিছু সময় দাঁড়িয়ে দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। ১৯৪৭ থেকে ৭১, ২৪ পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। হাত তুলে দোয়া করেছি। শহীদের রেখে যাওয়া ঋণ যেন পূরণ করতে পারি এবং জনগণের স্বার্থে যেন কাজ করতে পারি- সে তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন।

এরপর আজিমপুর কবরস্থানে ভাষাশহীদসহ অন্যান্যদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এ সময় দলটির অন্যান্য নেতা ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।