জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সশস্ত্র গ্রুপের সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার ১৪ জন সহযোগীকে সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট ও র‍্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল ওরফে বুনিয়া সোহেল দীর্ঘদিন ধরে ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছে। বেশ কিছুদিন যাবৎ ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ দুই গ্রুপের মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে দুই পক্ষই প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুট করে ক্যাম্পে নিয়ে আসে। সাম্প্রতিক সময়ে কয়েকটি সংঘাতে এসব অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুঁড়তে দেখা গেছে সংঘাতে জড়ানো দুই পক্ষকেই। গোলাগুলিতে দুই মাসে নিহত হয়েছেন পাঁচ জন। আহত হয়েছেন একশরও বেশি মানুষ। মাদক সম্রাট বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, খুন, ধর্ষণসহ অন্যান্য অপরাধের দায়ে ১৮টি মামলা রয়েছে।

camp

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিলেট ও র‍্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা এর যৌথ অভিযানে গত ৩১ অক্টোবর আনুমানিক দুপুর সাড়ে ৩টায় সিলেট কোতোয়ালী উপজেলার দাড়িয়াপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা মাদক সম্রাট সোহেলসহ আরো ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— বুনিয়া সোহেল (৩০), পিতা-আব্দুস সালাম; আমির হাসান হিরা (৩৬), পিতা-সাব্বির হোসেন; আনোয়ার হোসেন (২৭), পিতা-সেলিম হোসেন; জামাল হোসেন (২৯), পিতা-মৃত মুসলিম; মোছা. শাহিনুর (৩২), স্বামী-সোহেল রানা। তারা সবাই সোহেলের সহযোগী বলে জানিয়েছে র‍্যাব।

এছাড়াও র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৩১ অক্টোবর আনুমানিক দুপুর ২টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাইহাম ফিউচার কমপ্লেক্স এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন - নুরী বেগম (৩০), পিতা-মৃতঃ ইলিয়াস; মিঠুন (২৪), পিতা-মৃতঃ ইলিয়াস; সাহিল (৩৮), পিতা-মৃতঃ লোকমান; নাঈম (২৪), পিতা-নাদিম; মো. আজিম (৩৭), পিতা-মোঃ নাসিম; বানু বেগম (৫০), পিতা-সোলায়মান; সাবিক হাসান (২০), পিতা-মৃতঃ আকবর আলী।

camp 2

উপরিউক্ত ঘটনার সূত্র ধরে পরবর্তীতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গতকাল শুক্রবার (১ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন— আমিন (২৮), পিতা-নাসিম; ইকবাল (৩৮), পিতা-মৃত ইদ্রিস; আসিফ মিয়া (৩৭), পিতা-মোঃ পলু কসাই।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের লক্ষ্যে র‍্যাব-২, মোহাম্মদ, ঢাকা এর নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত মামলার অন্যান্য অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।