বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, ‘কেন্দ্রে নিজেরা ঝগড়াঝাঁটি করবেন না, মারামারি করবেন না। নিজেরা নিজেরা ঝগড়াঝাঁটি করলে এতে রিপোর্ট হয়। এই দেখেন না, গত পরশু দিন স্কুল শিক্ষকদের সামনে আমি বক্তব্য দিলাম, অথচ পেপারে উঠেছে আমি জোর করে শিক্ষকদের মিটিংয়ে থাকতে বাধ্য করেছি। এই যে সাংঘাতিক আছে না সাংবাদিক, এরা এতই সাংঘাতিক সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রচার করে। এখানে কি কোনো সাংবাদিক আছে? তোমরা তো আমার পেছনে লেগেই আছো। যেহেতু প্রধানমন্ত্রীর আমি আস্থাভাজন, তোমাদের সাংবাদিকতায় আমার কিছু আসে যায় না।’

বুধবার সন্ধ্যায় রাজাপুর বাইপাস মোড়ে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘যে ভালোবাসা রেখে একটা মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী সম্মান করেছেন আমি তার এ আস্থা, এ ঋণ পরিশোধ করতে চাই।’