পাসপোর্ট আবেদনের তথ্য সংশোধনের নামে প্রতারক চক্রের পাঠানো ভুয়া মেসেজ ও লিংক থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

রবিবার (৮ নভেম্বর) মহাপরিচালকের পক্ষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, পাসপোর্ট আবেদনের তথ্য সংশোধনের জন্য পাসপোর্ট অফিস থেকে অর্থ লেনদেনসংক্রান্ত কোনো ধরনের মেসেজ বা লিংক পাঠানো হয় না। তাই প্রতারক চক্রের পাঠানো এ ধরনের মেসেজ বা লিংকে ক্লিক করে কেউ প্রতারিত হবেন না।

অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা বার্তায় আরো জানানো হয়, এ বিষয়ে আজ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি ফি ছাড়া আবেদনকারীদের অতিরিক্ত কোনো অর্থ লেনদেন করা উচিত নয়।