দিনাজপুর শহরে দিনের বেলায় ভারী যানবাহন চলাচল বন্ধসহ নিরাপদ সড়ক দাবিতে গতকাল দিনাজপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। পরে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

রোববার সন্ধ্যায় ফাইয়াজ আল গালিব নামে দিনাজপুর সেন্ট ফিলিপস হাইস্কুলের নবম শ্রেণীর এক ছাত্র কোচিং শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। এর প্রতিবাদে স্কুলটির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

দুপুরে সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের কয়েক শ শিক্ষার্থী নিরাপদ সড়কের দাবিতে দিনাজপুর শহরের মিশন সড়কের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসে। এখানে প্রধান সড়কে শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা দিনের বেলা শহরের মধ্যে বাস, ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানায়।