বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে থেম থেমে বান্দরবানে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সন্ধ্যার পর থেকে জেলায় বর্ষণের মাত্রাও বেড়েছে। এ বাস্তবতায় বন্যার্তদের জন্য জেলার সাত উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার (৩০ মে) দুপুরে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিফ রায়হান এ তথ্য জানান।

জেলা প্রশাসন জানায়, সদর উপজেলায় ৪৬টি, রুমায় ২৮টি, রোয়াংছড়িতে ১৯টি, থানচিতে ১৫টি, লামায় ৫৫টি, আলীকদমে ১৫টি ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪২টি— সব মিলিয়ে ২২০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো বলা হয়, ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে বন্যা ও পাহাড় ধস সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রদানের জন্য জেলা প্রশাসনের অভ্যর্থনা কক্ষে স্থাপিত কন্ট্রোল রুম করা হয়েছে। যার মোবাইর নাম্বার— ০১৩০৯৭৪৪৯২৩। এছাড়া কন্ট্রোল রুমে সার্বক্ষণিক সেবার দায়িত্বে একজন র্নিবাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছে, যাদের তত্ত্ববধানে রোস্টার ডিউটি পালন করবেন কয়েকজন কর্মচারী।

শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ২০৩ মিলিমিটার অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার ইনচার্জ সনাতন কুমার মন্ডল। বণিক বার্তাকে তিনি বলেন, বঙ্গোপসাগরে শুরুতে একটি লঘুচাপ সৃষ্টি হয়। যা ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এদিকে জেলা সদরের বালাঘাটার আমবাগান, আর্মিপাড়াসহ কিছু কিছু নিম্নাঞ্চলে পানি উঠতে শুরু করেছে বলে জানা গেছে। তবে আজ বেলা ৩টা পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে কোনো ব্যক্তি বা পরিবার আশ্রয় নেয়নি বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী।

অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি জানান, অতি বর্ষণজনিত কারণে বান্দরবান জেলার সাতটি থানার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে। অতিবৃষ্টির কারণে ভূমিধসসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। সকল থানার ইউএনও, ওসি, ফায়ার সার্ভিসসহ অন্যান্যদের সাথে যোগাযোগ করার জন্যও আহ্বান জানান তিনি। এছাড়া জরুরি দুর্যোগ মোকাবেলা করার জন্য জাতীয় জরুরি সেবা (৯৯৯) ও জেলা পুলিশ কন্ট্রোল রুমের মোবাইল নাম্বারে (০১৩২০১১০৮৯৮) যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।