কুষ্টিয়ার ভেড়ামারায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫০) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন। পুর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। 

আজ শুক্রবার সকাল ৯টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের চড়পাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত সিদ্দিকুর রহমান স্থানীয় মৃত ওমর মণ্ডলের ছেলে। তিনি চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চাদঁগ্রাম ইউনিয়নের চড়পাড়ায় মাঠে নিজের লোকদের নিয়ে কাজ করছিলেন সিদ্দিক। এ সময় ৪ থেকে ৫ জনের একটি দল সেখানে হাজির হয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন সিদ্দিকসহ ৪ জন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক সিদ্দিক মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত চাঁদগ্রামের ওমর মন্ডলের ছেলে ইউনুছ মন্ডল (৪৬), খাল্লেক মন্ডল (৪৪) ও বাদশা মন্ডল (৪৪কে ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে পুর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে। নিহত সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।