চাঁপাইনবাবগঞ্জে বৌভাতে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা ঘাটে এ ঘটনা ঘটে। তারা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর গ্রাম থেকে দক্ষিণ পাঁকা গ্রামে যাচ্ছিলেন। এ সময় আহত হয়েছেন আরো অনেকে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, নিহতরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ঘাটাপাড়ার সহবুল (৩০), চর সূর্যনারায়ণপুর গ্রামের বেলী বেগম (৩২), মহরাজনগর ডানপাড়ার লেচন (৫০), বাবলু (২৬), তবজুল (৭০), তার স্ত্রী জমিলা (৫৮), ছেলে সাদল (৩৫), তেররশিয়া দক্ষিণপাড়ার রফিকুল (৬০), সূর্যনারায়ণপুরের সজীব (২২), একই গ্রামের মৌসুমী (২৫), বাবুডাইংয়ের টিপু (৪৫), আলম (৪০), পাতু (৪০), সুন্দরপুরের আতিকুল ইসলাম ডাকু (২৪), ফাটাপাড়ার টকি বেগম (৩০) ও পাঁকা গ্রামের রফিকুল ইসলাম (৫৫)।

কিছুদিন আগে গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান হয় উল্লেখ করে পাঁকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, দুপুরে বরপক্ষের লোকজন একটি নৌকায় করে কনেকে আনতে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে পদ্মা নদীর দক্ষিণ পাঁকা ঘাটের একটি ছাউনিতে গিয়ে আশ্রয় নেন তারা। এ সময় বজ্রপাত হলে সেখানে আশ্রয় নেয়াদের মধ্যে ১৭ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে শিবগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কামরুন নাহার নাসু বলেন, আহত অবস্থায় তাদের হাসপাতালে নয়জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একটি শিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বী।